Top News

সাসপেন্ড হয়েই বিস্ফোরক ঋজু দত্ত! “সত্যি বলেছি বলেই শাস্তি”, সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে নিশানা

 


কলকাতা: দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড হওয়ার পরই বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে কার্যত নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি। দলের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলার পাশাপাশি দাবি করেছেন, “সত্যি কথা বলার” কারণেই তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছে।

নিজের পোস্টে ঋজু লেখেন, “আমার প্রাণপ্রিয় দল। যে দলকে আমার যৌবনের ১৩টা বছর দিয়েছি। নিরন্তর পরিশ্রম করেছি নিজেকে প্রমাণ করার জন্য। শুধুমাত্র নিজের কাজ ও পারফরম্যান্সের জোরে ধাপে ধাপে উপরে উঠেছি — কারণ আমি কোনও ‘নেপো কিড’ নই।”

এরপরই তাঁর সংযোজন, “আর আজ আমার প্রিয় দলই আমাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল! কেন? কারণ আমি সত্যিটা বলেছি।”

সাসপেনশন নোটিশ নিয়েও প্রশ্ন তুলেছেন ঋজু দত্ত। তাঁর দাবি, নোটিশে বলা হয়েছে তিনি নাকি শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজির হননি। যদিও নির্ধারিত সময়ের মধ্যেই তিনি নিজের জবাব জমা দিয়েছেন বলে জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, “০৯.০৫.২০২৬ সকাল ১১:২৭-এ তৃণমূল ভবনে আমার জবাব জমা দিয়েছি। সম্ভবত আমার জবাব পড়ার আগেই নোটিশটা টাইপ করা হয়ে গিয়েছিল।”

পোস্টের শেষে দলের উদ্দেশে কটাক্ষের সুরে তিনি লেখেন, “ধন্যবাদ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস! আমি কথা দিচ্ছি — আবার দেখা হবে!”

ঋজুর এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূলের অন্দরে মতবিরোধ প্রকাশ্যে এল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও দলীয় নেতৃত্ব এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসময় দলের অন্যতম আক্রমণাত্মক মুখ হিসেবে পরিচিত ঋজু দত্তর এই বিস্ফোরক পোস্ট আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করতে পারে।

Post a Comment

নবীনতর পূর্বতন