কলকাতা: দীর্ঘ বিতর্ক এবং আইনি লড়াইয়ের আবহে বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার OMR শিট প্রকাশ্যে আনার সিদ্ধান্ত ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহলে। বহু চাকরিপ্রার্থী ও আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরেই OMR শিট প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন।
SSC সূত্রে খবর, স্বচ্ছতা বজায় রাখা এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা একাধিক প্রশ্নের জবাব দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের OMR শিট দেখতে পারবেন।
২০১৬ সালের SSC নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আদালত পর্যন্ত গড়িয়েছে সেই মামলা। তদন্তে উঠে এসেছে নম্বর বদল, বেআইনি সুপারিশ এবং অস্বচ্ছ নিয়োগের অভিযোগ। সেই আবহেই OMR শিট প্রকাশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, এই OMR শিট প্রকাশ্যে এলে অনেক অনিয়মের প্রমাণ সামনে আসতে পারে। অন্যদিকে কমিশনের দাবি, পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, পরীক্ষার্থীরা নিজেদের Roll Number ও প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করে OMR শিট দেখতে পারবেন। পাশাপাশি Answer Key ও প্রাপ্ত নম্বর সংক্রান্ত তথ্যও ধাপে ধাপে প্রকাশ করা হতে পারে বলে সূত্রের খবর।
এদিকে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এতদিন পরে OMR শিট প্রকাশের সিদ্ধান্ত প্রমাণ করছে যে নিয়োগ দুর্নীতির অভিযোগ যথেষ্ট গুরুতর ছিল। যদিও কমিশনের তরফে দাবি করা হয়েছে, আদালতের নির্দেশ এবং প্রশাসনিক প্রক্রিয়া মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শিক্ষা মহলের মতে, এই সিদ্ধান্ত ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে। এখন নজর, OMR শিট প্রকাশের পর নতুন করে কী কী তথ্য সামনে আসে তার দিকে।

একটি মন্তব্য পোস্ট করুন