Top News

উত্তেজনা এড়াতে মালদহে বিজয় মিছিল বন্ধের নির্দেশ জেলা সভাপতির |


মালদহ: জেলায় করা যাবে না কোনো বিজয় মিছিল। দখল করা যাবে না বাজার,বাস বা অটো স্ট্যান্ড। নির্দেশিকা ছাপিয়ে দলের বিভিন্ন কার্যালয়ে নোটিস পাঠালেন বিজেপি’র জেলা সভাপতি। দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, দলের এই আদেশ অমান্য করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ছাড় পাবেন না নেতৃত্বরাও। 

ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সোমবারই পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে জিতেছে বিজেপি। মালদহে বিজেপির আসন চার থেকে বেড়ে ছয় হয়েছে। আর এই পরিস্থিতিতে বারবার দলের নেতা কর্মী-সমর্থকদের সংযত থাকার বার্তা দিচ্ছেন জেলা সভাপতি।  মঙ্গলবার অজয় গঙ্গোপাধ্যায় বলেন, জেলার সমস্ত প্রার্থী, ইলেকশন এজেন্ট, কনভেনর, মণ্ডল সভাপতি এবং নেতৃত্বদের জানানো যাচ্ছে যে কোনো জায়গায় বিজয় মিছিল বের করা যাবে না। কোনো বিরোধী দলের বুথ অফিস, সাইন বোর্ড দখল করা যাবে না। দখল করা যাবে না অটো, টোটো স্ট্যান্ড। এমনকী অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্বের নেম প্লেট খোলা যাবে না এবং কোনোরকম অশান্তিমূলক কাজ করা যাবে না। দলের এই নির্দেশ অমান্য করলে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা দলের পক্ষ থেকে নেওয়া হবে।

অজয় বলেন, মালদহ কলেজে গণনা চলাকালীন আমাদের ক্যাম্পের সামনে কিছু মদ্যপ যুবক চলে আসে। তারা কপালে গেরুয়া টিপ পড়ে হাতে বিজেপির ঝান্ডা নিয়ে পটকা ফাটিয়ে উল্লাস করে। তারা আমাদের দলের কেউ নয়। 

জেলা নেতৃত্বের আশঙ্কা, অনেকেই বিজেপির ঝান্ডা হাতে নিয়ে, গলায় গেরুয়া উত্তরীয়, কপালে টিপ পড়ে বিজেপি কর্মী-সমর্থক সেজে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

Post a Comment

নবীনতর পূর্বতন