পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর এ বার বিরোধী আসনে বসতে হবে ঘাসফুল শিবিরকে। ভোটের ফল প্রকাশের পর থেকেই দলের অন্দরে শুরু হয়েছে সমালোচনা। নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এই পরিস্থিতিতেই নতুন সরকারের শপথগ্রহণের দিন দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
কী বললেন অভিষেক (Abhishek Banerjee) ?
ভোটের ফল প্রকাশের পর থেকেই নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সরব হয়েছেন অভিষেক। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেনি।
শনিবার সমাজমাধ্যমে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অভিষেক লেখেন, “যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নিরপেক্ষ ভাবে কাজ করার কথা, তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যা পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতা সম্পর্কে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।” তৃণমূলের দলের তরফে অভিযোগ প্রায় ১০০টি বিধানসভা কেন্দ্রে অনৈতিক উপায়ে তাদের হারানো হয়েছে। ভোটগ্রহণ ও গণনার বিভিন্ন ধাপ নিয়ে গুরুতর অভিযোগও তোলে দল।
বিশেষ করে বুথের সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং ভিভিপ্যাট স্লিপ গণনার দাবিতে সরব হয়েছেন অভিষেক। তাঁর কথায়, “আমি ইতিমধ্যেই ভোট গণনা কেন্দ্রগুলোর সিসিটিভি (CCTV) ফুটেজ প্রকাশ করা এবং VVPAT স্লিপগুলোর স্বচ্ছ ভাবে গণনা করার দাবি জানিয়েছি।” বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন অভিষেক। তাঁর দাবি, তৃণমূল ‘আপসহীন বিরোধী দল’-এর দায়িত্ব পালন করবে।
এদিকে নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগও সামনে আসতে শুরু করেছে। এই আবহে দলীয় কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে অভিষেক লেখেন, “আমি তৃণমূলের প্রতিটি সমর্থক ও কর্মীকে আহ্বান জানাচ্ছি, এই কঠিন সময়ে আপনারা মনোবল অটুট রাখুন এবং ঐক্যবদ্ধ থাকুন। যদি কেউ হিংসা, ভীতি প্রদর্শন বা হুমকির শিকার হয়ে থাকেন, তবে আপনাদের বিস্তারিত তথ্য আমার সঙ্গে শেয়ার করুন অথবা আমাকে সরাসরি মেসেজ করুন।”
উল্লেখ্য, এবারের নির্বাচনে মাত্র ৮০টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে বিধানসভায় বিরোধী দলের ভূমিকাতেই দেখা যাবে ঘাসফুল শিবিরকে। তবে এখনও পর্যন্ত বিরোধী দলনেতা কে হবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক মহলে এখন সেই সিদ্ধান্ত নিয়েই জল্পনা শুরু হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন