বৃহস্পতিবার সকাল সাড়ে 10টায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে 2026 সালের উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা ৷ পরীক্ষার্থীরা এদিনই সকাল 11টা থেকে অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন। https://result.wb.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পাবেন।
এছাড়া https://play.google.com/store/apps/details?id=wbchse.results.shiksha অ্যাপ থেকেও পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবে। এমনকি এদিনই পরীক্ষার্থীরা স্কুল থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবেন।
এই বছরই প্রথমবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেমেস্টার পদ্ধতিতে ৷ গত 31 অক্টোবর হয়েছিল প্রথম সেমেস্টার পরীক্ষা। প্রথম পর্বের ফলপ্রকাশের দিনই সম্ভাব্য প্রথম 10 জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। ওই পরীক্ষাটি হয়েছিল সম্পূর্ণ এমসিকিউ (MCQ) ভিত্তিক।
তারপর দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা হয় ৷ দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হয়েছিল 12 ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল 27 ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার 75 দিনের মাথায় ফল প্রকাশিত হতে চলেছে ৷ পরীক্ষা শেষ হওয়ার পরেই সংসদের সভাপতি পদে বদল ঘটে। চিরঞ্জীব ভট্টাচার্যের বদলে সভাপতি পদে আসেন পার্থ কর্মকার।
এ বছর উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7 লক্ষ 10 হাজার। 44.40 শতাংশ ছাত্র এবং 55.60 শতাংশ ছাত্রী পরীক্ষায় বসেছিলেন । এবার ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় 79,347 বেশি। উচ্চমাধ্যমিকে চূড়ান্ত সেমেস্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 6 লাখ 35 হাজার 864 ৷ পুরনো সিলেবাসে পরীক্ষা দিচ্ছেন প্রায় 15 হাজার 495 জন । সেমিস্টার 3-এ পরীক্ষার্থীর সংখ্যা 59 হাজার 452। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 2,103টি ৷
গত 8 মে এবারের মাধ্যমিকের ফল বেরিয়েছে ৷ পাশের হার ছিল 86.83 শতাংশ ৷ তাৎপর্যপূর্ণভাবে এবারে পাশের হারে দক্ষিণবঙ্গকে টেক্কা দিয়েছে উত্তরবঙ্গ ৷ শীর্ষে কালিম্পং জেলা, পাশের হার 95.10 শতাংশ ৷ দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর ৷ পাশের হার 94.82 শতাংশ ৷ কলকাতা রয়েছে তৃতীয় স্থানে ৷ পাশের হার 92. 31 শতাংশ ৷ পাশের হারে তৃতীয় স্থানে থাকলেও প্রথম দশে সেরা 131 জন পড়ুয়ার মধ্যে কলকাতার কেউ নেই ৷ এবারে মাধ্যমিকে প্রথম উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অভিরূপ ভদ্র ৷ প্রাপ্ত নম্বর 698 ৷ দ্বিতীয় স্থান অর্জন করে বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়, প্রাপ্ত নম্বর 696 ৷ তৃতীয় স্থান অধিকার করে তিন জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা, রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের অঙ্কন কুমার জানা এবং বাঁকুড়ার মৈনাক মণ্ডল ৷ এদের প্রাপ্ত নম্বর 695 ৷ এবার প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল ৷

একটি মন্তব্য পোস্ট করুন