Top News

পুরনিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার সুজিত বসু! রাতভর জেরার পর ইডির বড় অ্যাকশন

 

রাজ্যের রাজনীতিতে ফের বড়সড় চাঞ্চল্য। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হলেন প্রাক্তন দমকলমন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা সুজিত বসু। সোমবার সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেন তিনি। তারপর টানা প্রায় ১০ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের শেষে রাতে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে খবর, উত্তর দমদম, দক্ষিণ দমদম ও হালিশহর-সহ একাধিক পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরেই তদন্ত চলছে। তদন্তকারীদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানো, বেআইনি আর্থিক লেনদেন এবং একাধিক গুরুত্বপূর্ণ নথিতে অসঙ্গতি মিলেছে। সেই কারণেই দীর্ঘ সময় ধরে জেরা করা হয় সুজিত বসুকে।

এর আগেও একাধিকবার ইডির তলব এড়িয়েছিলেন প্রাক্তন এই মন্ত্রী। তবে এবার হাজিরা দিতে বাধ্য হন তিনি। জেরার সময় তাঁর বয়ানে অসঙ্গতি পাওয়া গিয়েছে বলেও দাবি তদন্তকারী সংস্থার। সূত্রের খবর, তদন্তে অসহযোগিতার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের পর এই গ্রেফতারি রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিরোধীদের দাবি, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে আরও বড় নাম সামনে আসতে পারে আগামী দিনে। যদিও এখনও পর্যন্ত তৃণমূলের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, মঙ্গলবার ধৃত সুজিত বসুকে আদালতে পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে ইডি। এখন নজর আদালতের পরবর্তী নির্দেশের দিকে।


Post a Comment

নবীনতর পূর্বতন